কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ইয়াবাসহ আটকের পর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া থানা পুলিশ ও সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়।
উপজেলার সীমান্তবর্তী চন্দনপুরে ইয়াবা সেবনরত অবস্থায় আবু সাঈদ (৪৫), সাইফুল ইসলাম (১৯), সবুজ হোসেন (২৪), শরিফুল ইসলাম (২৭) ও আতিকুর রহমান (২৬)-কে আটক করা হয়। এদের মধ্যে ১৯ বছর বয়সী সাইফুলের বাড়ি যশোরের শার্শা থানার কায়বা গ্রামে। অপর চার জনের প্রত্যেকেরই বাড়ি কলারোয়ার চন্দনপুরে। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু সাঈদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর চারজনকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন আকবরসহ পুলিশ ও সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।