
অনলাইন ডেস্ক:ইরানে সামরিক অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধকে প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরপেক্ষতা আইনের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ-এর তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওয়াশিংটন থেকে ‘বেশ কয়েকটি’ অনুরোধ আসার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নির্দিষ্ট সংখ্যা জানাননি।
মুখপাত্র আরও বলেন, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অনুরোধ আলাদাভাবে মূল্যায়ন করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক নিরপেক্ষতার দীর্ঘদিনের নীতি বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য কোনো সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি; বরং প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, যুদ্ধের অন্যতম সোচ্চার স্পেন গত সোমবার জানিয়েছে, এই সংঘাতে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ রয়েছে। এর আগে গত সপ্তাহে ইতালিও সিসিলিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি মার্কিন বোমারু বিমানের ব্যবহারের অনুমতি দেয়নি।