প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত অনুদানের চাউলের ডিও প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে ডিও প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীদের হাতে ডিও তুলে দেন প্রধান অতিথি সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি-কালিগঞ্জ) এর এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সম্পর্কে একটি খারাপ ধারনা আপনাদের মাঝে প্রচার করা হয়ে থাকে। যা সম্পুর্ণ অমুলক। পৃথিবীতে পুরুষ ও নারী থেকে সৃষ্ট সকলে আমরা মানবিক ভাই। ধর্ম যার তার কাছে। সবাই স্ব স্ব ধর্ম পালন করে থাকি। ধর্ম যার যার দেশ ও রাষ্ট্র সবার। যার ধর্ম সেই পালন করবে। রাষ্ট্রকে উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যেকের থাকতে হবে। শান্তি শৃংখলা রক্ষায় আমরা সবাই চেষ্টা করবো।
উল্লেখ্য, এমপি রবিউল বাশারের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানে ৫২ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি/ সেক্রেটারীদের হাতে বরাদ্দ অনুদানের ডিও তুলে দেন।
একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় অপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনুষ্ঠানে উপরোক্তদের কয়েকজন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি দুটি ডিও মন্দির কমিটির সভাপতিদেন হাতে তুলে দেন।
https://satnadee.com/