
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরা ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে দুর্নীতি ও ঈদ উল ফিতরের সরকারী বরাদ্দের চাউল ও কম্বল আত্মসাতের অভিযোগে তাকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮.৩০ টায় কাপসন্ডা বাজার ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে।
শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ জনগণের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউপি সদস্য রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, মহিউদ্দীন গাজী, মজনু সরদার, এবাদুল গাজী, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ, সরকারি অর্থ ও মালামাল আত্মসাৎকারী, জুয়াখোর। তিনি একই পরিবারের বউ-মেয়ে-জামাইকে কার্ড দিয়েছেন, জেলে নয় এমন ব্যক্তিকে জেলে কার্ড, গরীবদের কম্বল না দিয়ে বিল্ডিং বাড়ীর ব্যক্তিকে কম্বল দিয়েছেন, চাহিদা মত টাকা না দিলে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড না দেয়া, ঈদের বরাদ্দ চাউল ১০ কেজির পরিবর্তে ৫ কেজি বিতরণ, নিজের ব্যক্তিগত অফিসে ৭ বস্তা চাউল ও কম্বল আত্মসাতের জন্য লুকিয়ে রাখা, এলাকাবাসী ৭ বস্তা আটকের পর সুযোগ বুঝে ৩ বস্তা সরিয়ে নিয়ে ৪ বস্তা ও কম্বল ইউনিয়ন পরিষদে নিয়া রাখা হয়।
২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দকৃত রাস্তার কাজে অর্ধেক ব্যয় করে বাকী টাকা আত্মসাৎ, দলীয় লোকদের সরকারি সহায়তা দেয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মহিলা মেম্বার রওশনারা ও তার স্বামী আমিনের দুর্নীতির স্বর্গরাজ্য সৃষ্টি, মাসিক মিটিং না করা, মেম্বারদের ভাতার টাকা ঠিকমত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করে বক্তাগণ এর সুষ্ঠু তদন্ত দাবী করেন। সাথে সাথে গরীবের চাউল ও কম্বল আত্মসাৎকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অবিলম্বে অপসারন, দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসক নিয়োগের জোর দাবী জানিয়ে বক্তাগণ মাননীয় এমপি ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।