আরিফুল ইসলাম: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হাওলাদার (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল হাওলাদার উপজেলার বাগালি গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আশরাফুল আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের গৌতম সরকারের ঘরের পেছনের একটি বৈদ্যুতিক পিলারে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং পিলারের সাথে থাকা সেফটি বেল্টে ঝুলতে থাকেন। পরে উপস্থিত স্থানীয় লোকজন পিলারে থাকা সেফটি বেল্ট কেটে আশরাফুলের নিথর দেহ নিচে নামিয়ে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে নিহতের নিজ বাসভবনে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।