জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ ৬ দফা দাবি আদায়ের লক্ষে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করে যাচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচীর অংশ হিসাবে আন্দোলনকারীরা অবস্থান গ্রহন করেন।
কর্মবিরতীর ফলে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসংযুক্তির মাধ্যমে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুর্ননিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা ও ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেয়া।