
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ্যোগ ভেস্তে যাওয়ার পাশাপাশি অবাধে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার বুধহাটা-উজিরপুর সড়কের প্রবেশমুখ এবং কাদাকাটি-হলদেপোতা ব্রিজের কাছেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন প্রবেশ ঠেকাতে দুই পাশে ব্যারিকেড বা উচ্চতা নিয়ন্ত্রণ ব্যারিয়ার লোহার পোল বসিয়ে আড়াআড়িভাবে মোটা পাইপ দিয়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছিল।
এসব ব্যারিকেডের উদ্দেশ্য ছিল অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ রেখে গ্রামীণ সড়ক ও ব্রিজের স্থায়িত্ব রক্ষা করা। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যারিকেডের পাইপ কেটে সরিয়ে ফেলেছে। এরপর থেকে সংশ্লিষ্ট সড়কগুলোতে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।
এতে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারে সরকারি বিপুল অর্থ ব্যয় হলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে অল্প সময়ের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই ব্যারিকেড কেটে ফেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত তদন্ত, ব্যারিকেড পুনঃস্থাপন এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।