প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ: প্রতিকার দাবি
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে আপন দুই ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে খাদিজা খাতুনের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই ভাই মাকফুয়ার রহমান ও মাকসুদুর রহমান।
রবিবার সকাল ১০টার দিকে আশাশুনিতে এসে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবি, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের বোন খাদিজা খাতুন প্রথমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ উপস্থাপন করতে না পারায় বিষয়টি সেখানেই নিষ্পত্তি করা হয়।
পরবর্তীতে একই বিষয়ে আশাশুনি থানায় অভিযোগ করা হলে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে বসা হয়।
সেখানেও অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বিষয়টি নিষ্পত্তি করা হয় বলে দাবি করেন তারা।
এরপরও খাদিজা খাতুন সাতক্ষীরা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী দুই ভাইয়ের অভিযোগ, এসব মামলা ও অভিযোগের কারণে তারা সামাজিকভাবে হয়রানি এবং মানসিক চাপে রয়েছেন।
তারা এ ধরনের হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
https://satnadee.com/