নিজস্ব প্রতিনিধি: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭নং আলিপুর ইউনিয়নবাসীর জন্য সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দলমত নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন। ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ এই কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।