মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ।
জানা গেছে, মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট—এই তিন গুরুত্বপূর্ণ জেলার সার্বিক উন্নয়ন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তিনি এই অঞ্চলে মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি এবং টেকসই আঞ্চলিক উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকি ও সমন্বয় করবেন।
এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, "দক্ষ ও বিচক্ষণ ব্যক্তিত্ব মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আমাদের এই অঞ্চলের দায়িত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরাসহ খুলনা ও বাগেরহাট জেলায় মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
তারা আরও আশা প্রকাশ করেন যে, মাননীয় আইনমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রান্তিক জেলাগুলোর দীর্ঘদিনের সমস্যা নিরসন হবে এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।
বার্তা শেষে আলহাজ্ব আব্দুর রউফ, মো. রেজাউল ইসলাম ও মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ নবদায়িত্বপ্রাপ্ত মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।